| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ১১:৪৪:২৬:পূর্বাহ্ন  |  ৭০১ বার পঠিত
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (১৮ নভেম্বর) দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি কার্যক্রম আরও কঠোর করার নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের কথাও বলা হয়েছে।

বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনার আওতায় বিমানবন্দর এলাকায় টহল বৃদ্ধি, সন্দেহজনক কার্যক্রমের ওপর নজরদারি জোরদার এবং প্রবেশকারী যানবাহনে তল্লাশি বাড়ানোর কথা বলা হয়েছে।

এ ছাড়া বিমানবন্দর থানাকেও বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা বা নাশকতার আশঙ্কা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।

শুধু দিনের বেলার নিরাপত্তা নয়, রাতের নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেসব বিমানবন্দরেও রাতের বেলায় নিরাপত্তা টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে বেবিচক। অর্থাৎ ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শিথিলতা রাখা যাবে না।

এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা আরও প্রযুক্তিনির্ভর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক।

পরিকল্পনা অনুযায়ী, পুলিশের বিদ্যমান এআই ক্যামেরাভিত্তিক নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিমানবন্দর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সন্দেহজনক চলাচল এবং নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকাণ্ড পর্যবেক্ষণ আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অন্যদিকে, বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব উদ্যোগে ক্যামেরা স্থাপনের পরিকল্পনা করছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নজরদারি আরও জোরদার হবে।

সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে বিমানবন্দরগুলোতে বেবিচকের এই বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রী, বিমানবন্দরকর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪