| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে পোল্ট্রি শিল্প: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১২:১৪:১৩:অপরাহ্ন  |  ১৭৪৭৫ বার পঠিত
দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে পোল্ট্রি শিল্প: প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের পোল্ট্রি শিল্প অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমানে দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে, যা দেশের প্রাণিসম্পদ খাতের অগ্রগতির একটি আশাব্যঞ্জক চিত্র।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পোল্ট্রি শিল্পে ইতোমধ্যে বিপুলসংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছে। বর্তমানে এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের মধ্যে ৪০ শতাংশই নারী। এ খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য পশুপালনের সঙ্গে যুক্ত রয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা এসব খামার খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও রপ্তানি আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে। তাই খামারিদের জন্য পশুপ্রাণীর চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। গবাদিপশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রাণিসম্পদ খাতের উন্নয়নের অন্যতম বড় বাধা হিসেবে বিভিন্ন রোগবালাইয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে পশু চিকিৎসায় ইতোমধ্যে ১৭ ধরনের রোগের টিকা উৎপাদন করা হচ্ছে। তবে বর্তমান চাহিদার তুলনায় এই উৎপাদন পর্যাপ্ত নয়। এ কারণে আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, গ্রামীণ ও কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি হলো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব। এ জন্য প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন।

প্রধানমন্ত্রী আরও বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। তাই মেধাবী জাতি গঠনের স্বপ্নের সঙ্গে পুষ্টির নিরাপত্তা গভীরভাবে সম্পৃক্ত। একটি আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে নিশ্চিত হচ্ছে। প্রাণিজ আমিষের উৎপাদন শুধু খাদ্যনিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।

প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক অবদান তুলে ধরে তারেক রহমান বলেন, এ খাত এখন আর শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে, কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

তিনি জানান, দেশের অভ্যন্তরীণ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাত ক্রমেই রপ্তানিমুখী হয়ে উঠছে। বর্তমান সরকারের সময়ে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে এ খাত থেকে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এ খাতের আরও বিকাশে সরকার নীতিগত সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য সরবরাহ এবং উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ এ খাতে আরও স্বনির্ভর হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও সক্ষম হবে।

রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, স্বল্পমেয়াদে বাংলাদেশের জন্য চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানিতেও সক্ষম হয়েছে। এ অর্জনকে কাজে লাগিয়ে নতুন নতুন রপ্তানি বাজার খুঁজে বের করতে হবে এবং বিদেশে প্রাণিজ পণ্যের বাজার সম্প্রসারণ করতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোল্ট্রি পণ্যের বৈশ্বিক বাজারে বাংলাদেশের জন্য ব্যাপক সম্ভাবনা রয়েছে। বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশের উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষ পালনের সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব এলাকায় মহিষের প্রাপ্যতা ও উৎপাদন তুলনামূলক বেশি। উপকূলীয় অঞ্চলে জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পোষা প্রাণী ও পাখি পালনের প্রবণতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশে বিশেষ করে শহরাঞ্চলে আর্থিকভাবে সচ্ছল মানুষের মধ্যে পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বেড়েছে। এটি অনেকের মানসিক প্রশান্তির পাশাপাশি আয়ের উৎস হিসেবেও ভূমিকা রাখছে। তবে মানুষের অধিকারের পাশাপাশি পশুপাখির অধিকার নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাণীর কয়েকটি মৌলিক অধিকার রয়েছে। প্রাণীকে ক্ষুধা ও তৃষ্ণা থেকে মুক্ত রাখতে হবে, অস্বস্তিকর পরিবেশে রাখা যাবে না এবং ব্যথা, আঘাত ও রোগ থেকে সুরক্ষা দিতে হবে। একই সঙ্গে তাদের স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ দিতে হবে এবং ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখতে হবে। মানবিক সমাজ গঠনে প্রত্যেকেরই পশুপাখির অধিকার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ আয়োজনের মূল লক্ষ্য হলো প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা। দেশের খামারিরাই এ খাতের মূল চালিকাশক্তি। তাদের মেধা, শ্রম, নিষ্ঠা ও উদ্যোগের কারণেই প্রাণিসম্পদ খাত এগিয়ে যাচ্ছে। তাই খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ অর্জনকারীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ পদক প্রাণিসম্পদ খাতে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি। একই সঙ্গে এটি দেশের লাখো উদ্যোক্তা, খামারি, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশের প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রাণিজ পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের জন্য খাদ্যনিরাপত্তা ও মান নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উৎপাদিত প্রাণী ও প্রাণিজাত পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে ‘ফুড সেফটি’ এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। এ লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক প্রাণিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাণিসম্পদ খাত ভবিষ্যতে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪