| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১৩:৪১:১৬:অপরাহ্ন  |  ৩২৬ বার পঠিত
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। প্রথম রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করেও আগুন ধরাতে ব্যর্থ হয় তারা। পরদিন রাতে আরও সংঘবদ্ধভাবে ফিরে এসে পেট্রোল বোমা নিক্ষেপের পাশাপাশি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে হামলাকারীরা। দ্বিতীয় রাতের হামলায় একটি পেট্রোল বোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় তিন রাউন্ড গুলিও ছোড়ে তারা।

বৃহস্পতি ও শুক্রবার রাতে এসব হামলার ঘটনা ঘটে। পরপর দুই রাতের এমন হামলায় উপকেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানোর পরও দ্বিতীয় রাতে হামলার ঘটনায় বিদ্যুৎ উপকেন্দ্রে দায়িত্ব পালনকারী কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রথমবারের মতো বিদ্যুৎ উপকেন্দ্র লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আগুন ধরেনি। এ ঘটনার পরপরই থানায় এজাহার দেওয়া হয়। একই সঙ্গে উপকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয়। কিন্তু নিরাপত্তা বাড়িয়েও পরবর্তী হামলা ঠেকানো সম্ভব হয়নি।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল আবারও উপকেন্দ্রে হামলা চালায়। এবার তারা ট্রান্সফরমার লক্ষ্য করে একাধিক পেট্রোল বোমা নিক্ষেপ করে। একই সঙ্গে পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছোড়ে।

হামলার সময় একটি পেট্রোল বোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ ছাড়া ট্রান্সফরমারের পাশে আরও দুটি পেট্রোল বোমা ও একটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে চারটি পেট্রোল বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হামলা শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

হামলার খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এদিকে ট্রান্সফরমারে আগুন লাগার পর উপকেন্দ্রের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। হামলার কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নাম প্রকাশ না করার শর্তে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির নওহাটা সদর দপ্তরের এক কর্মচারী জানান, পরপর দুই রাতের হামলায় উপকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকলেও হামলাকারীদের মুখ বাঁধা ছিল। তারা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ার পাশাপাশি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরানোর চেষ্টা করে।

তিনি বলেন, হামলার সময় ট্রান্সফরমারে আগুন ধরে গেলে কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে তা নেভানোর চেষ্টা করেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ওই কর্মচারী আরও বলেন, পরপর দুই দিন এমন হামলার পর স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। কর্মীরা এখন নিজেদের নিরাপদ মনে করছেন না। এভাবে নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করতে গেলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল জানান, প্রথম রাতের হামলার পরই বিষয়টি থানায় জানানো হয় এবং এজাহার দেওয়া হয়। পাশাপাশি উপকেন্দ্রের নিজস্ব নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছিল।

তিনি বলেন, প্রথম দিন উপকেন্দ্রে দুজন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছিলেন। হামলার পরদিন নিরাপত্তা জোরদার করে চারজনকে দায়িত্বে রাখা হয়। তাদের পাহারার ব্যবস্থাও ছিল। এরপরও শুক্রবার রাতে আবারও হামলার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রথম রাতে বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও তাতে আগুন লাগেনি। তবে দ্বিতীয় রাতের ঘটনায় একটি পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে।

তিনি আরও জানান, হামলার কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলে বিদ্যুৎ সরবরাহ আবার স্বাভাবিক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

পরপর দুই রাতের এমন হামলার ঘটনায় বিদ্যুৎ উপকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানোর পরও দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটায় কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪