| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ভারত

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৭৭০৩২ বার পঠিত
পাকিস্তানের দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ভারত
ছবির ক্যাপশন: ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি

আশিস গুপ্ত, নতুন দিল্লি : 

সম্প্রতি ভারতের এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংস এবং সিরসা ও সুরাটের বিমানঘাঁটিগুলিতে সফল হামলার যে দাবি করেছিলো পাকিস্তান, তা ‘সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি।


শনিবার (১০ মে) নয়াদিল্লিতে এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘পাকিস্তান ইচ্ছাকৃতভাবে উত্তেজনা সৃষ্টি করছে এবং আমাদের প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে।’ 


ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ‘অপারেশন সিন্দুর ছিল প্রতিরোধমূলক এবং সীমিত পরিসরে পরিচালিত একটি সুনির্দিষ্ট সামরিক পদক্ষেপ, যা পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীর -এর জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে চালানো হয়। পাকিস্তান এই অবস্থার সুযোগ নিয়ে নিজস্ব ব্যর্থতা আড়াল করতে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে।’


ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে কর্নেল সোফিয়া কুরেশি জানান, পাকিস্তান ইতিমধ্যে ২৬ টিরও বেশি স্থানে ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে এবং একাধিকবার পশ্চিম সীমান্তে হামলার প্রচেষ্টা চালিয়েছে। 


তিনি বলেন, ‘ভারত অনেক ধরনের বিপদ সফলভাবে নিষ্ক্রিয় করেছে। পাকিস্তানি বাহিনী ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান ব্যবহার করে আমাদের সামরিক স্থাপনাগুলিতে হামলার চেষ্টা করেছে। কিন্তু প্রতিটি আক্রমণকে কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে।’


উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, পাকিস্তানি সেনাবাহিনী সীমান্তবর্তী এলাকায় আগ্রাসী মোতায়েন শুরু করেছে, যা তাদের ‘স্পষ্টতই উত্তেজনা বৃদ্ধির উদ্দেশ্য’ তুলে ধরে। 


তিনি বলেন, ‘ভারতীয় সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। আমরা প্রতিটি শত্রু তৎপরতাকে আনুপাতিকভাবে ও কৌশলগতভাবে প্রতিহত করছি।’ 


এদিকে, বেসামরিক বিমান চলাচল মন্ত্রক শনিবার জানিয়েছে যে বর্তমানে ভারতের ৩২টি বিমানবন্দর সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং এই অবস্থা ১৫ মে সকাল ৫টা ২৯ মিনিট পর্যন্ত চলবে। দিল্লি ও মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের মধ্যে এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটের ২৫টি অংশও অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে।


এর আগে শুক্রবার ভারতীয় সেনাবাহিনী ২৬টি স্থানে নতুন পাকিস্তানি ড্রোন অনুপ্রবেশ প্রতিহত করেছে। বারামুল্লা থেকে ভুজ পর্যন্ত বিস্তৃত এলাকায় আকাশপথে হুমকি প্রতিরোধ করতে সেনাবাহিনী সক্রিয় কাউন্টার-ড্রোন সিস্টেম ব্যবহার করেছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪