রিপোর্টার্স ২৪ ডেস্ক : বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা। পাকিস্তানী কূটনীতিকরাও বিনা ভিসায় বাংলাদেশে আসতে পারবেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেঁজগাওয়ের কার্যালয়ে হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। সেই বৈঠকেই অফিশিয়াল ও কূটনীতিক পাসপোর্টে পারস্পারিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
এ নিয়ে প্রেস সচিব বলেন, পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে পাঁচ বছরের জন্য চুক্তি হবে। বাংলাদেশের মতো পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও বিনা ভিসায় বাংলাদেশ সফর করতে পারবেন। এ রকম চুক্তি আরও ৩১টি দেশের সাথে করেছি আমরা।
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, ‘বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে। সরকার তাদের পছন্দের লোকদের এ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকা ফেরত আনতে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসহ দেশীয় বিভিন্ন সংস্থা কাজ করছে। তবে এতে কয়েক বছর সময় লাগবে। এ সরকার আশানুরূপ অগ্রগতি দেখাতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে ১০টি সংস্কার কমিশনের ৩৬৭টি সুপারিশ বাস্তবায়ন ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় নিজস্ব উদ্যোগে তাদের মন্ত্রণালয়ে বিভিন্ন বিষয়ে কয়েকশ সংস্কার করেছে। সরকার সংস্কার কমিশনের আশায় বসে থাকেনি।
রিপোর্টার্স২৪/এসএন