সিনিয়র রিপোর্টার : ফসিল ফুয়েল নন-প্রোলিফারেশন ট্রিটির কৌশলগত উপদেষ্টা হারজিত সিং বলেছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে বাংলাদেশ প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ দেশ। তাই বাংলাদেশকে এ বিষয়ে বৈশ্বিক পরিসরে আরও কথা বলতে হবে। জনগণকেও আরও সচেতন হতে হবে।’
বুধবার ( ২৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিষ্ট ফোরাম ( সাকজেএফ) এর বাংলাদেশ চ্যাপ্টারের সঙ্গে এক বিশেষ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা এবং অন্তর্ভুক্তিমূলক জ্বালানি রূপান্তরের চ্যালেঞ্জগুলির নিয়ে আলোচনা হয়।
আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেকসই জ্বালানিতে স্থানান্তরকে ত্বরান্বিত হবে জানিয়ে হারজিত সিং বলেন, “শক্তির রূপান্তর অবশ্যই স্থল বাস্তবতার উপর ভিত্তি করে হওয়া উচিত। নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা তখনই সফল হবে যখন তা বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা এবং বিদ্যমান অবকাঠামোর প্রতিফলন ঘটাবে।”
তিনি আঞ্চলিক সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর এবং অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনার গুরুত্বের উপর জোর দেন, যাতে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলো পিছিয়ে না থাকে। তাঁর মতে, একটি বাস্তবসম্মত পদ্ধতি জীবিকা রক্ষা করার পাশাপাশি বাংলাদেশের টেকসই জ্বালানিতে স্থানান্তরকে ত্বরান্বিত করবে।
হরজিৎ আরও সতর্ক করে বলেন, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক (MDB) থেকে আসা জলবায়ু অর্থায়নের বড় অংশ অনুদানের পরিবর্তে ঋণ আকারে দেওয়া হচ্ছে, যা ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অতিরিক্ত বোঝা তৈরি করছে।
সভায় আলোচনা হয় কীভাবে আঞ্চলিক অংশীদারিত্ব নবায়নযোগ্য জ্বালানি গ্রহণকে শক্তিশালী করতে পারে এবং নাগরিক সমাজ কীভাবে অগ্রগতি পর্যবেক্ষণ ও সংস্কারের পক্ষে সোচ্চার হতে পারে। আলোচনায় তুলে ধরা হয়, বাংলাদেশের শক্তি রূপান্তর চ্যালেঞ্জপূর্ণ হলেও তা স্থানীয় প্রয়োজন অনুযায়ী পরিকল্পিত হওয়া উচিত।
সভায় সাকজেএফ-এর কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আসাদুজ্জামান সম্রাট, সাধারণ সম্পাদক কেরামত উল্লা বিপ্লব, কোষাধ্যক্ষ ও বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মাছুম বিল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ চ্যাপ্টারের কার্যনির্বাহী কমিটির সদস্য ইমরান হোসেন সুমন, সাজিবুর রহমান, শেখ শাহরুখ, মীনাক্ষী চৌধুরী এবং মোঃ শফিউল আল ইমরান উপস্থিত ছিলেন।
সাকজেএফ নেতারা প্রমাণভিত্তিক রিপোর্টিং বজায় রাখার এবং দক্ষিণ এশিয়ার জলবায়ু ও শক্তি সংক্রান্ত বিতর্কগুলোকে বাস্তবসম্মত ও প্রভাবশীল রাখার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সভা শেষে হারজিত সিংকে একটি মোমেন্টো উপহার দেন সাকজেএফের নেতারা।
রিপোর্টার্স ২৪/এমবি