| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবি উপাচার্য-প্রক্টরের পদত্যাগ চায় ছাত্রদল

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২১৮৬৫২৫ বার পঠিত
ঢাবি উপাচার্য-প্রক্টরের পদত্যাগ চায় ছাত্রদল
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শাহরিয়ার আলম সাম্যর নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তাই দুর্বৃত্তরা সাম্যকে চিরতরে শেষ করে দেওয়ার সাহস পেয়েছে। 

বুধবার (১৪ মে) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

ছাত্রদল সভাপতি বলেন, ঢাবি ক্যাম্পাস এলাকা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান তিনি। রাজপথে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সেই দাবি আদায় করা হবে বলেও জানান তিনি।

রাকিব আরও বলেন, এই সময়েও ছাত্রদল নেতার মৃত্যু মেনে নেওয়া যায় না। ৭১-এর পরাজিত শক্তি ও গুপ্ত সংগঠন নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের আর কোনও নেতা হত্যার শিকার হলে ছাত্রদল সরকার পতনের আন্দোলন করতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, এই হত্যাতাণ্ডের দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভিসি এড়াতে পারেন না। ভিসি শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেছেন উল্লেখ করে বলেন, ছাত্রদল এর তীব্র নিন্দা জানাচ্ছে।

ছাত্রদলের নেতাকর্মীরা যে গণতান্ত্রিক আন্দোলনে রয়েছেন, তা থেকে সরাতেই ছাত্রদলকে টার্গেট করা হচ্ছে বলেও মন্তব্য করেন নাছির। অবিলম্বে সাম্য হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

এর আগে, গতকাল (মঙ্গলবার) মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ঢাবি শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হলের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। রাস্তায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইক ধাক্কা লাগে। পরে কথা কাটাকাটির একপর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন সহপাঠীরা। পরে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪