| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় ইউরোপীয় ইউনিয়ন : মাইকেল মিলার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং | ০৮:১৭:১৩:পূর্বাহ্ন  |  ২১১১১৮১ বার পঠিত
নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় ইউরোপীয় ইউনিয়ন :  মাইকেল মিলার

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়া জরুরি বলে মন্তব্য করে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, ‘আগামী বছর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে। আর নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ইইউ।’

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মতবিনিময় অনুষ্ঠানে মাইকেল মিলার এ কথা বলেন। বাংলাদেশের সাবেক কূটনীতিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফরমার অ্যাম্বাসাডরস (এওএফএ) বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক নিয়ে ওই মতবিনিময়ের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এওএফএর সভাপতি আবদুল্লাহ আল হাসান।

বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে তরুণ প্রজন্মের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা লক্ষ করেছেন জানিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সামনে এখন তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের সময় এসেছে। তরুণদের আকাঙ্ক্ষার বাস্তবায়নে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগীসহ সব পক্ষের একসঙ্গে কাজ করা উচিত।’

জাতীয় নির্বাচন নিয়ে মাইকেল মিলার বলেন, ‘বাংলাদেশ এখন রাজনৈতিক উত্তরণের দিকে এগোচ্ছে।

আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়ন বদ্ধপরিকর। গণতন্ত্রে উত্তরণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন হওয়া জরুরি। এ ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক ঐকমত্য দরকার।’

বিদেশি বিনিয়োগের স্বার্থে বাংলাদেশের স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন ইইউ রাষ্ট্রদূত।

বলেন, ‘ইউরোপীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। যেকোনো বিনিয়োগকারী তার বিনিয়োগের সুরক্ষার পাশাপাশি একটি স্থিতিশীল পরিবেশ চায়।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ-ইইউর দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি মানবাধিকার, উন্নয়ন, গণতন্ত্র ও বাকস্বাধীনতা। ভবিষ্যতেও আমরা এই বিষয়গুলোতে আরো জোরালোভাবে কাজ করে যাব।’


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪