মাসুদ আলম: ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞার সহধর্মিণী মিজ জান্নাতুল সোনিয়া হালিম।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান এবং ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে নবনিযুক্ত আহ্বায়ক জান্নাতুল সোনিয়া হালিমকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে ঢাকা বিভাগের নারী ক্রীড়াঙ্গনে নতুন গতির সঞ্চার হবে। তৃণমূল থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত নারী ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি খেলাধুলার মানোন্নয়নেও এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলাধুলা নারীর শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলার অন্যতম মাধ্যম। এ ক্ষেত্রে নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ বাড়ানো এবং তাঁদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
নতুন কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্টদের প্রতিও শুভকামনা জানানো হয়েছে। পাশাপাশি ঢাকা বিভাগের নারী ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবার সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়েছে।
নতুন দায়িত্ব পালনে জান্নাতুল সোনিয়া হালিমের সর্বাঙ্গীণ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/ধ্রুব