ক্রীড়া ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান গত ২৮ সেপ্টেম্বর ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাকে দেখা গেছে এবং ছবির ক্যাপশনে ইংরেজি বর্ণে সাকিব লিখেছেন, ‘শুভ জন্মদিন, আপা।’ অর্থাৎ এটি ছিলো জন্মদিনের শুভেচ্ছা।
আর এই শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন এক বচসা। যেই বচসা যেই বচসা এখন গালাগালি পর্যন্ত গড়িয়েছে। আর এতে যোগ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
শেখ হাসিনার জন্মেদিনে শুভেচ্ছা জানানোর পরপরই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’
কারো নাম উল্লেখ না করে ক্রীড়া উপদেষ্টা এ স্ট্যাটাসটি দেন।
কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ধারণা, আসিফ মাহমুদের ইঙ্গিতটা সাকিব আল হাসানের দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কমেন্টে ইঙ্গিত পাওয়া যায়, ‘একজনকে পুনর্বাসন না করা’ বলতে আসিফ মাহমুদ সাকিবকেই বুঝিয়েছেন।
সেটা যে সাকিবও বুঝেছেন, তা স্পষ্ট হয়েছে পরে তার আরেকটি স্ট্যাটাসে। বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে সাকিব নিজের ফেসবুকে লিখেছেন, ‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’
আপন মাতৃভূমিতে ফেরার এই পোস্টে কমেন্ট করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। সরাসরি গালি দিয়ে তিনি লিখেন, 'টাকার কাছে নিজেকে বেঁচে দেওয়া তোর মতো লোভী, শুয়োর রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না। হাজারের অধিক শহীদের কাছে এটা আমাদের প্রজন্মের কমিটমেন্ট।'
এই কমেন্ট আর পাল্টা কমেন্টে এখন ফেসবুক সয়লাভ হয়ে যাচ্ছে। নেটিজেনরা প্রত্যেকেই নিজের মত দিচ্ছেন। তাই সব ছাড়িয়ে এখন আলোচনার শীর্ষে অবস্থান করছে সাকিব আল হাসান।
রিপোর্টার্স২৪/এসএ