| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিলিপাইনকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে ভারত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৬, ২০২৬ ইং | ১৭:৫৪:৪০:অপরাহ্ন  |  ৩২৩ বার পঠিত
ফিলিপাইনকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে ভারত

ইন্টারন্যাশনাল ডেস্ক:  ফিলিপাইনের কাছে আরও বেশি সংখ্যায় সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস বিক্রির জন্য চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে ভারত। নতুন এ চুক্তির সম্ভাব্য মূল্য ৭০ কোটি থেকে ৮০ কোটি মার্কিন ডলার। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

২০২২ সালে ফিলিপাইনের সঙ্গে করা ৩৭ কোটি ৫০ লাখ ডলারের আগের চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র সরবরাহ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যেই নতুন করে অস্ত্র বিক্রির আলোচনা শুরু করেছে দুই দেশ।

ভারতের দুটি সূত্র জানিয়েছে, ফিলিপাইন প্রায় পাঁচটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে। এসব ব্যবস্থার আওতায় প্রায় ৬০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে। নতুন চুক্তির মূল্য আগের চুক্তির তুলনায় দ্বিগুণেরও বেশি হতে পারে।

দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে চাইছে ফিলিপাইন। বিশেষ করে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে দেশটি সামরিক সরঞ্জাম আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। এ পরিস্থিতিতে ভারতের সঙ্গে নতুন অস্ত্র চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্সেনিও আন্দোলোং রয়টার্সকে জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র অতিরিক্ত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ প্রকাশ করেছেন।

গত বুধবার দিল্লি ডিফেন্স ডায়ালগে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওডোরোও আরও ব্রহ্মোস ইউনিট পাওয়ার প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটিকে ফিলিপাইনের ভৌগোলিক ও সামরিক পরিবেশের উপযোগী করে তুলতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে একটি তালিকাও দেওয়া হয়েছে।

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস বিশ্বের অন্যতম দ্রুতগতির সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। স্থল, সমুদ্র ও আকাশ— তিন মাধ্যম থেকেই এটি নিক্ষেপ করা যায়।

গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষে প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারত। এরপর আন্তর্জাতিক বাজারে এর চাহিদা আরও বেড়েছে।

গত জুলাইয়ে ইন্দোনেশিয়ায় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয় ভারত। এ ছাড়া ভিয়েতনামের সঙ্গেও এ অস্ত্র বিক্রির চুক্তি করেছে দেশটি। সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলসহ আরও কয়েকটি দেশের সঙ্গে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির বিষয়ে আলোচনা চলছে।

এদিকে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিও উল্লেখযোগ্য হারে বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী, গত মার্চে শেষ হওয়া অর্থবছরে দেশটির প্রতিরক্ষা রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬২ শতাংশের বেশি বেড়ে ৩৮ হাজার ৪২৪ কোটি রুপিতে পৌঁছেছে। মার্কিন ডলারে যার পরিমাণ প্রায় ৪১১ কোটি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪