স্পোর্টস ডেস্ক :
শেষ ওভারে দরকার ছিল দুই রান। আজমতউল্লাহর বল লং অনের দিকে পাঠিয়ে ৪–ই নিলেন শরীফুল ইসলাম। বাংলাদেশ লক্ষ্যে পৌঁছে গেল ৫ বল বাকি রেখেই ২ উইকেটে জয় পায় টাইগাররা। এরফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল সোহান-শরীফুলরা। এখন অপেক্ষা বাংলা ওয়াশের।
এশিয়া কাপে সুপার ফোর থেকে বিদায়ের হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর এক জয়ে এগিয়ে গিয়েছিল জাকের আলির দল। শারজাহতে সিরিজের দ্বিতীয় ম্যাচেও রোমাঞ্চকর এক জয় পেল টাইগাররা। ১৪৮ রান তাড়া করতে নেমে শেষ ওভারের রোমাঞ্চে ২ উইকেটের দারুণ এক জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের আনন্দে মাতল বাংলাদেশ দল।
শুক্রবার রাতে আফগানিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং ধসের মুখে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম (২), পারভেজ হোসেন ইমন (২) এবং সাইফ হাসানকে (১৮) হারিয়ে বিপদে পড়ে টাইগাররা। ২৪ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক জাকের আলী ও শামীম পাটোয়ারী।
চতুর্থ উইকেটে এই জুটি ৫০ রান যোগ করে দলকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। কিন্তু রশিদ খানের ঘূর্ণিতে জাকের (২৫ বলে ৩২) আউট হওয়ার পর আবারও পথ হারায় বাংলাদেশ। এরপর শামীম (৩৩), সাইফউদ্দিন (৪) ও রিশাদ (২) দ্রুত ফিরে গেলে ১২৯ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে দল।
শেষ মুহূর্তে জয়ের জন্য প্রয়োজন ছিল কঠিন সমীকরণ। বাংলাদেশ তাদের অষ্টম উইকেট যখন হারায় তখনও ১২ বলে দরকার ১৯ রান। এরপর আগের ম্যাচের মত আরও একবার ত্রাতা হয়েছেন নুরুল হাসান সোহান। এবার সঙ্গী হিসেবে ছিলেন শরিফুল ইসলাম। সোহানের ২১ বলে ৩১ রানের হার না মানা ইনিংসের সাথে শরিফুলের ৬ বলে ১১ রানের অপরাজিত ইনিংসে ৫ বল হাতে রেখে ২ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে ৪ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই। ২ উইকেট নিয়েছেন রশিদ খান। ১টি করে উইকেট শিকার করেন নূর আহমেদ এবং মুজিব উর রহমান।
র আগে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ আতাল ৫৫ রান যোগ করে ভালো সূচনা এনে দেন। জাদরান ৩৮, সেদিকুল্লাহ ২৩ এবং রহমানউল্লাহ গুরবাজ ৩০ রানের ইনিংস খেলেন। শেষদিকে মোহাম্মদ নবি (২০*) ও আজমতউল্লাহ ওমরজাইয়ের (১৯*) ব্যাটে ভর করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে।
বাংলাদেশের পক্ষে দুই স্পিনার রিশাদ হোসেন ও নাসুম আহমেদ দুটি করে উইকেট শিকার করেন। অন্য উইকেটটি নেন পেসার শরিফুল ইসলাম।
এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি এখন আনুষ্ঠানিকতার ম্যাচে পরিণত হলো।
রিপোর্টার্স ২৪/এমবি