ইন্টারন্যাশনাল ডেস্ক : ফের ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব নিলেন মার্কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! যদিও ভারত এর আগে ট্রাম্পের এই দাবিকে অস্বীকার করেছে। এশিয়া সফরে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আবারও দাবি করেন, তার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল।
রোববার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চেয়ে কঠিন মনে হয়েছিল ভারত-পাকিস্তান সংঘাত থামানো, কিন্তু তিনি তা সমাধান করে ফেলেছেন।
তিনি বলেন, আমি সেটা (যুদ্ধবিরতি) করে দেখিয়েছি। আরও আছে— ভারত ও পাকিস্তানের কথাই ধরুন, আমি যেসব চুক্তি করেছি, তার সবগুলোকেই রাশিয়া-ইউক্রেনের চেয়েও কঠিন মনে হয়েছিল। কিন্তু আসলে তা নয়। রাশিয়া-ইউক্রেনই সবচেয়ে চ্যালেঞ্জিং সংঘাত।
ট্রাম্প এর আগেও বারবার দাবি করেছেন, তার মধ্যস্থতায় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। এই মাসের শুরুতে তিনি বলেন, ভারতের ওপর শুল্ক আরোপের হুমকিই ছিল শান্তি প্রতিষ্ঠার আসল অস্ত্র। এই কৌশল ছাড়া তিনি বিশ্বের আটটি সংঘাত সমাধান করতে পারতেন না।
ভারতের রুশ তেলা কেনা প্রসঙ্গ ট্রাম্প বলেন, ভারত এ বছর শেষের আগেই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে এবং এ কারণেই তিনি দিল্লির ওপর বাণিজ্যিক চাপ বাড়িয়েছেন।
রিপোর্টার্স২৪/টিআই /ঝুম