কলকাতা প্রতিনিধি: ভারতের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়াকরণের দায়িত্ব পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস’ (এসজিজিএস)। আগামী ১ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটি নতুন ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু করবে।
মঙ্গলবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় নাগরিক এবং দেশটিতে দীর্ঘমেয়াদে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও নিরবচ্ছিন্ন করতে নতুন আউটসোর্সড সার্ভিস প্রোভাইডার নিয়োগ দেওয়া হয়েছে। এসজিজিএস আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।
নতুন ব্যবস্থার আওতায় ভারতের পাঁচটি রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ে বসবাসকারী ভারতীয় নাগরিকরা এসব কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশের ভিসার আবেদন করতে পারবেন। পাশাপাশি ওই পাঁচ রাজ্যে দীর্ঘমেয়াদে অবস্থানরত বিদেশি নাগরিকরাও আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন।
কলকাতায় নতুন ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা সিমসিস টাওয়ার্স, প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, সেক্টর ফাইভ, সল্টলেক, কলকাতা-৭০০০৯১। অন্যদিকে শিলিগুড়ির কেন্দ্রটি হবে সিটি মলের প্রথম তলায়, সেবক রোড, শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১।
বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পাঁচ রাজ্যের ভিসা আবেদনকারীদের আগামী ১ ডিসেম্বর থেকে নতুন কেন্দ্র দুটির মাধ্যমে আবেদন জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এতদিন পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল বেসরকারি প্রতিষ্ঠান ‘ডিইউ ডিজিটাল’। কলকাতার সল্টলেক ও শিলিগুড়ির কেন্দ্র থেকে আবেদনপত্র সংগ্রহ করে সেগুলো বাংলাদেশ উপ-হাইকমিশনে পাঠানো হতো। সেখানে ভিসা প্রক্রিয়াকরণ শেষে আবেদনকারীরা উপ-হাইকমিশন থেকেই ভিসাসহ পাসপোর্ট সংগ্রহ করতেন। আগামী ৩০ নভেম্বর ডিইউ ডিজিটালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
সংশ্লিষ্ট মহলের মতে, নতুন প্রতিষ্ঠানের কাছে দায়িত্ব হস্তান্তরের ফলে ভিসা আবেদন প্রক্রিয়ায় গতি আসবে এবং সেবাপ্রার্থীদের ভোগান্তি কমবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব