কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে নিয়োগ সংশ্লিষ্ট কমিটি। শনিবার (২৫ অক্টোরব) রাতে কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। পরে বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি প্রকাশ করেন সিভিল সার্জন ও নিয়োগ কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ কামাল হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী আমিরুল ইসলাম জানান, নিয়োগ কার্যক্রম সাময়িক স্থগিতের বিজ্ঞপ্তিটি সত্য।
তিনি বলেন, “গতকাল সন্ধ্যায় কার্যালয়ে নিয়োগ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক রেজল্যুশন তৈরি করা হয়েছে। অনিবার্য কারণবশত নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো। পরবর্তী কার্যক্রমের বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে। রাত ১০টার পর বিজ্ঞপ্তিটি আমাদের ওয়েবসাইটে (সিভিল সার্জন) আপলোড করা হয়েছে।”
এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সাতটি পদের ১১৫টি শূন্য পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন ১৬,৭৮৯ জন চাকরিপ্রার্থী। তবে পরীক্ষার দিন ভোরে কুষ্টিয়া শহরের একটি বাসায় ২৫–৩০ জন শিক্ষার্থীর রহস্যজনক প্রবেশ এবং পরীক্ষার আগমুহূর্তে বের হওয়ার দৃশ্য বিতর্ক সৃষ্টি করে।
এর জেরে শনিবার দুপুরে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ঘুষবাণিজ্য ও দুর্নীতির অভিযোগ তুলে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন একদল বিক্ষুব্ধ যুবক। তারা বৈষম্যবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং শুক্রবার অনুষ্ঠিত বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানান।
রিপোর্টার্স২৪/এসএন