| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মৃত্যুর পরও শেষযাত্রায় দুর্ভোগ, সরু রাস্তার কারণে কবরস্থানে নেওয়া যাচ্ছিল না সাবেক পুলিশ কর্মকর্তার মরদেহ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ২১:৩৪:৫৮:অপরাহ্ন  |  ১৩২৮ বার পঠিত
মৃত্যুর পরও শেষযাত্রায় দুর্ভোগ, সরু রাস্তার কারণে কবরস্থানে নেওয়া যাচ্ছিল না সাবেক পুলিশ কর্মকর্তার মরদেহ

বগুড়া প্রতিনিধি: মৃত্যুর পর মানুষের সব চাওয়া-পাওয়ার অবসান ঘটে। জীবনের শেষ ঠিকানা হয় মাটির ঘর। অথচ সেই শেষ ঠিকানায় পৌঁছাতেও যদি বাধা হয়ে দাঁড়ায় সংকীর্ণ রাস্তা ও প্রতিবেশীর বাড়ি, তাহলে এর চেয়ে বেদনাদায়ক আর কী হতে পারে! এমনই এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বগুড়া শহরের সাবগ্রাম এলাকায়। সাবেক পুলিশ কর্মকর্তা মো. ফজলুল হকের মৃত্যুর পর তাঁর মরদেহ কবরস্থানে নিয়ে যেতে চরম ভোগান্তিতে পড়েন স্বজনরা।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার সংকীর্ণ রাস্তা এবং প্রতিবেশীদের বাড়ি নির্মাণের সময় রাস্তার জন্য প্রয়োজনীয় জায়গা না ছাড়ায় স্বাভাবিকভাবে মরদেহ নিয়ে যাওয়ার পথও বাধাগ্রস্ত হয়েছে। একজন মানুষের শেষ বিদায়টুকুও নির্বিঘ্নে সম্পন্ন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, মো. বকুল ও মো. মিঠু হোসেন বাড়ি নির্মাণের সময় পৌরসভার নিয়ম অনুযায়ী রাস্তার জন্য প্রয়োজনীয় জায়গা ছাড়েননি। বরং তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে রাস্তার জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেছেন বলে অভিযোগ তাঁদের। এর ফলে দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, রাস্তা পর্যাপ্ত প্রশস্ত না হওয়ায় সাধারণ মানুষের চলাচল থেকে শুরু করে জরুরি প্রয়োজনে যানবাহন প্রবেশেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এবার সাবেক পুলিশ কর্মকর্তার মরদেহ কবরস্থানে নেওয়ার ঘটনায় দীর্ঘদিনের এই সমস্যা আরও প্রকটভাবে সামনে এসেছে।

এ বিষয়ে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জানান, বাড়ি নির্মাণের সময় সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী রাস্তা ও পার্শ্ববর্তী রাস্তার জন্য নির্ধারিত জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশনা রয়েছে। কেউ এ নিয়ম না মানলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিষয়টি সিটি করপোরেশন খতিয়ে দেখবে। পাশাপাশি বগুড়া সিটি করপোরেশনের মাস্টারপ্ল্যান ও বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হলে এ ধরনের সমস্যা সমাধান করা সম্ভব হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাটি একসময় সাবগ্রাম ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। ২০০৬ সালের পর বগুড়া পৌরসভার সীমানা সম্প্রসারণ করা হলে এলাকাটি ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়। পরবর্তী সময়ে বগুড়া সিটি করপোরেশন গঠিত হলেও নাগরিক সুবিধার ক্ষেত্রে এখনো প্রত্যাশিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ এলাকাবাসীর।

বিশেষ করে সড়ক প্রশস্তকরণ, চলাচলের উপযোগী রাস্তা ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রাস্তার জন্য নির্ধারিত জায়গা ছেড়ে পরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করা হলে আজ এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।

এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীদের কারণে দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যার সমাধান হচ্ছে না। তাঁদের দাবি, দ্রুত রাস্তার জায়গা নির্ধারণ, প্রয়োজনীয় প্রশস্তকরণ এবং নাগরিক চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে।

একজন মানুষের শেষ বিদায়টুকু নির্বিঘ্নে সম্পন্ন করার মতো রাস্তা যদি না থাকে, তাহলে ওই এলাকার নাগরিক সুবিধার বাস্তব চিত্র কেমন—এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪