বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে ‘রাইটস যশোরের’ উদ্যোগে মানব পাচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা, নাটক ও জারি গানের অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে নাটক ও জারি গানের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক। সঞ্চালনা করেন, যশোর রাইটসের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার ওসির দায়িত্বে থাকা উপ পরিদর্শক মানিক কুমার সাহা, বেনাপোল ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাজমুল হোসেন, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সাংবাদিকবৃন্দ ।
অনুষ্ঠানে মানব পাচারের বর্তমান ধরন ও কৌশল, পাচারের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, প্রতিরোধে কার্যকর কৌশল নির্ধারণ এবং মানব পাচারের শিকার ভিকটিমদের সুরক্ষা ও সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে বক্তরা বলেন, যেসব সারভাইভারকে ফিরিয়ে আনা হচ্ছে তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে দিতে স্বাবলম্বী করতে হবে। এজন্যে তাদেরকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে। যদিও অনেক সরকারি ও বেসরকারি সংস্থা এই বিষয়ে কাজ করছে। তবে, কাজটি যাতে ফলপ্রসূ হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে।
রিপোর্টার্স২৪/এসসি