| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবননগরে কৃষকের ৩ শতাধিক পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ০৫:২৪:৫২:পূর্বাহ্ন  |  ১৯০৩০৩৫ বার পঠিত
জীবননগরে কৃষকের ৩ শতাধিক পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে প্রায় ৩০০টি ফলন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১ নভেম্বর) দিনগত রাতে উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের জালাল উদ্দিনের বাগানে এ ঘটনা ঘটে। কৃষক জালাল উদ্দিন একই গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, জালাল উদ্দিন নিজের ২৫ কাঠা জমিতে দুই বছর আগে ৩০০টি পেয়ারা গাছের চারা রোপণ করেন। বর্তমানে প্রতিটি পেয়ারা গাছে  প্রচুর পরিমাণে ফল ধরেছে। কয়েক সপ্তাহ পর পেয়ারা বিক্রি শুরু হবে কিন্তু রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা বাগানের সমস্ত গাছ কেটে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দিন বলেন, প্রায় তিন লাখ টাকা খরচ করে আমি এই পেয়ারা বাগান তৈরি করেছিলাম। নিজের সন্তানের মতো লালন পালন করেছি। গাছে প্রচুর পরিমাণে ফল ধরায় আমি এ বছর লাভের আশা করছিলাম। মাত্র কয়েক সপ্তাহ পর ফল বিক্রি শুরু হবে। এরপর রবিবার সকাল বেলায় এসে দেখি আমার প্রতিটি ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেলা হয়েছে। আমি গরিব মানুষ। কৃষি কাজ করে আমার সংসার চালাতে হয়। কৃষি কাজের মধ্য দিয়ে যে আয় হয় তাতে আমার সংসার এবং সন্তানের পড়াশোনার খরচ চলে। কিন্তু আজ আমার সব শেষ করে দিল।

তিনি আরো বলেন, আমার এই ২৫ কাঠা জমি নিয়ে হরিহরনগর গ্রামের সামাদের পুত্র আলমগীরের (২৫) সাথে ঝামেলা চলছিল। এর আগে সে আমার এই জমি বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করাসহ জাল কেটে দেয়। এমনকি আমার সন্তানের গলায় দেশীয় অস্ত্র ধরে মেরে ফেলতে উদ্যত হয়েছিলো। যেহেতু অনেক আগে থেকেই সে আমার ক্ষতি করছে সেহেতু এটি তারই কাজ।

কৃষক জালালের পুত্র আকিব হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আলমগীর বেশ কয়েকবার আমাকে মেরেছে। সে প্রায়ই আমাদের গাছ কেটে ফেলার হুমকি দিত। মাদকসেবী ও ক্ষমতাবান হওয়ায় আমরা ভয়ে কিছু বলতে পারিনি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪