রিপোর্টাস আন্তর্জাতিক ডেস্ক: ভারত এবং ইসরাইলের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী পর্যায়ে আছে। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম এক পরাশক্তিতে পরিণত হয়েছে। এভাবেই মিত্র ভারতের প্রশংসা করে ইসরায়েল।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।
ভারতের বন্ধুত্বের জন্য আমরা কৃতজ্ঞ। আমরা ধারাবাহিকভাবে সম্পর্ক উন্নত করছি। ভারত ও ইসরায়েল শিগগিরই প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বলে গিডিয়ন সার বলেন।
আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার আগ্রহ রয়েছে। প্রতিরক্ষা, কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রেও আমরা এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, আমরা কখনো ভুলব না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন সেই ভয়াবহ দিনের প্রথম বিশ্বনেতা, যিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেছিলেন। ভারত আমাদের পাশে ছিল, আমরা তা চিরকাল স্মরণ করব। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ভারতের দ্রুত নিন্দা জানানোর ঘটনায় নয়াদিল্লির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সার।
তিনি বলেন, আমরা অতীতের ভুল থেকে শিখেছি এবং সেই ভুল আর করব না। ট্রাম্পের শান্তি পরিকল্পনাই এখন একমাত্র বাস্তবসম্মত পথ।
ইসরায়েলের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইসরায়েলের লক্ষ্য হলো হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস ও গাজার শাসনব্যবস্থা পরিবর্তন করা। হামাস প্রকাশ্যে প্রতিপক্ষের লোকজনকে হত্যা করছে। জনগণের মাঝে ভীতি ছড়ানোর লক্ষ্যে হামাস এটি করছে। আমরা এই সন্ত্রাসী শাসনের অবসান ঘটাতে চাই।
গিডিয়ন সার বলেন, নতুন প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা কাঠামো তৈরি হচ্ছে; যা দুই দেশের সম্পর্ককে একটি বাস্তব কৌশলগত অংশীদারিত্বে রূপ দিচ্ছে। সাক্ষাৎকারের শেষের দিকে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি ও নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক অত্যন্ত উন্মুক্ত ও কৌশলী। আমি আশা করি, তারা শিগগিরই সাক্ষাৎ করবেন। ভারত ভবিষ্যতের প্রতীক আর ইসরায়েল আঞ্চলিক শক্তি। আমরা ঐক্যবদ্ধভাবে বড় কিছু করতে পারব।
রিপোর্টার্স ২৪/ জয়