| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লাল কেল্লার কাছে বিস্ফোরণ: নিহত ১৩, আহত ২৪; দেশজুড়ে কড়া সতর্কতা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ১১:১৬:৩৪:পূর্বাহ্ন  |  ২০২৪৯৮১ বার পঠিত
লাল কেল্লার কাছে বিস্ফোরণ: নিহত ১৩, আহত ২৪; দেশজুড়ে কড়া সতর্কতা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

আশিস গুপ্ত, নতুন দিল্লি, ১০ নভেম্বর :  দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে উচ্চ-তীব্রতার এক বিস্ফোরণে ১৩ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। দিল্লির অন্যতম স্পর্শকাতর এই এলাকার কাছে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে এই ঘটনাটি ঘটে। 

লাল কেল্লা মেট্রো স্টেশনের কার পার্কিং-এ একটি হুন্ডাই আই ২০ গাড়িতে বিস্ফোরণটি ঘটে, যার ফলে ব্যস্ত এই এলাকায় ছিন্নভিন্ন দেহ ও গাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। 

দিল্লি পুলিশের সূত্র অনুযায়ী, এটি ছিল অত্যন্ত শক্তিশালী একটি বিস্ফোরণ। দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের জানিয়েছেন, ট্র্যাফিক সিগন্যালে এসে দাঁড়ানো একটি ধীর গতিতে চলা গাড়িতে এই বিস্ফোরণ হয় এবং গাড়িতে যাত্রী ছিল। এই বিস্ফোরণে মোট ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের ঘটনার পরপরই অভূতপূর্ব সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মীরা এলাকাটি ঘিরে ফেলেন। দৃশ্যত, মাটিতে দেহ, বিচ্ছিন্ন দেহাংশ এবং দুমড়ানো-মুচড়ানো গাড়ির ছবি পরিস্থিতি ভয়াবহতার জানান দেয়। ডেপুটি চিফ ফায়ার অফিসার এ কে মালিক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

দেশের শীর্ষ সন্ত্রাস তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং বিস্ফোরণের কারণ ও দোষীদের খুঁজে বের করতে সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। 

কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে বিস্ফোরণটি গাড়ির পিছনের অংশে ঘটেছিল, তবে ঘটনাস্থলে কোনো গর্তের চিহ্ন পাওয়া যায়নি। পাশাপাশি, নিহত বা আহত কারোর শরীরে পেরেক বা তারের মতো কিছুর চিহ্ন না মেলায় বিস্ফোরণের প্রকৃতি নিয়ে আরও পরীক্ষা চলছে। স্পেশাল সেলের দল ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ও অন্যান্য তথ্য সংগ্রহে কাজ করছে। 

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বিস্ফোরণ সম্পর্কে অবহিত করেছেন। অমিত শাহ জানিয়েছেন যে বিস্ফোরণের মাত্র ১০ মিনিটের মধ্যেই দিল্লি ক্রাইম ব্রাঞ্চ এবং স্পেশাল ব্রাঞ্চের দল ঘটনাস্থলে পৌঁছায়। তিনি আরও নিশ্চিত করেন যে এনএসজি, এনআইএ এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি-এর দল একটি বিস্তারিত তদন্ত শুরু করেছে। পাশের সব সিসিটিভি ক্যামেরা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে, এবং দিল্লি পুলিশ কমিশনার ও স্পেশাল ব্রাঞ্চের ইন-চার্জ ঘটনাস্থলে উপস্থিত থেকে কাজ তদারকি করছেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে, এবং তদন্তটি পুঙ্খানুপুঙ্খ হবে, যার ফলাফল জনগণের সামনে তুলে ধরা হবে। তিনি নিজে ঘটনাস্থল ও হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যাবেন। 

সরকারি সূত্র অনুযায়ী, দিল্লি পুলিশ কমিশনার এবং এনআইএ ও ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) প্রধানরা নিয়মিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিস্থিতির আপডেট দিচ্ছেন।প্রত্যক্ষদর্শীদের বিবরণে ঘটনার তীব্রতা ফুটে ওঠে। আহত অটোরিকশা চালক জিশান জানান, তার সামনের গাড়িটি প্রায় দু'ফুট দূরে ছিল এবং সেটি বিস্ফোরিত হয়। 

আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনি তার ছাদ থেকে "বিশাল একটি আগুনের গোলা" দেখতে পান এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ভবনের জানালা কেঁপে ওঠে। এই বিস্ফোরণের ঘটনাটি এমন এক দিনে ঘটল, যেদিন রাজধানীর প্রায় ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে ২৯০০ কেজি বিস্ফোরকের একটি বিশাল চালান বাজেয়াপ্ত হয়েছিল। 

এছাড়াও, বিহারে দ্বিতীয় এবং শেষ দফার ভোটের ঠিক একদিন আগে এই ঘটনা ঘটায় মুম্বাই, জয়পুর, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং বিহার সহ কেরালাতেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।লাল কেল্লার কাছে প্রাণঘাতী বিস্ফোরণের পর, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতেও কঠোর নজরদারি ও টহলদারি বাড়িয়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে, চাঁদনি চক বাজার সমিতির সভাপতি সঞ্জয় ভার্গব নিশ্চিত করেছেন যে কর্তৃপক্ষের নিরাপত্তা তল্লাশি ও তদন্তের স্বার্থে জননিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার বাজার বন্ধ থাকবে।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪