রিপোর্টার্স২৪ ডেস্ক: পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ডাবল-ডেকার একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৪ জন। বুধবার ভোরে দক্ষিণ পেরুর পানামেরিকানা সুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।
কর্তৃপক্ষ জানায়, একটি পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ২০০ মিটার (৬৫০ ফুট) নিচে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক যাত্রী রয়েছেন।
আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্য ব্যবস্থাপক ওয়ালথার ওপোর্তো বলেন, এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং ২৪ জন আহত হয়েছেন। তবে গুরুতর আহত কয়েকজনের অবস্থা সংকটজনক—ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনাগ্রস্ত বাসটি লামোসাস ট্রান্সপোর্ট কোম্পানি পরিচালিত ছিল। এটি মঙ্গলবার রাতে কারাভেলি প্রদেশের চালা শহর থেকে ছেড়ে পেরুর দ্বিতীয় বৃহত্তম শহর আরেকুইপার উদ্দেশে যাত্রা করেছিল। বাসটিতে তখন ৬০ জনেরও বেশি যাত্রী ছিলেন।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, পাহাড়ি রাস্তার বাঁক ঘোরার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পরই বাসটি খাদে পড়ে যায়। উদ্ধারকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠিয়েছে।
পেরুতে প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে, বিশেষত পাহাড়ি ও ঘুরপথে তৈরি মহাসড়কগুলোতে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর-এএফপি
রিপোর্টার্স২৪/ঝুম