| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই গ্রামে গণহত্যার অভিযোগ এইচআরডব্লিউ'র

মালিতে সেনা অভিযানে ৩১ গ্রামবাসী নিহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৫ ইং | ২২:১৩:৪২:অপরাহ্ন  |  ১৯৮৬৯৬৯ বার পঠিত
মালিতে সেনা অভিযানে ৩১ গ্রামবাসী নিহত

রিপোর্টার্স২৪ ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালির সেগু অঞ্চলের দুই গ্রামে সেনা অভিযান চালিয়ে অন্তত ৩১ জনকে হত্যা করেছে সরকারি বাহিনী ও তাদের মিত্র যোদ্ধারা- এমন অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এইচআরডব্লিউ জানায়, আল-কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী ‘জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন’ (জেএনআইএম) সবচেয়ে সক্রিয় এ অঞ্চলে। ওই গোষ্ঠীর সঙ্গে সহযোগিতার অভিযোগে গ্রামবাসীদের ধরে নিয়ে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, প্রথম হামলাটি ঘটে ২ অক্টোবর কামোনা গ্রামে। সেখানে সেনা ও মিলিশিয়া সদস্যরা অন্তত ২১ জন পুরুষকে হত্যা করে এবং বাড়িঘরে আগুন দেয়। এরপর প্রায় ৫৫ কিলোমিটার দূরের বালে গ্রামে হামলা চালিয়ে অন্তত ১০ জনকে হত্যা করা হয়, নিহতদের একজন ছিলেন নারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেএনআইএম-এর সঙ্গে যোগাযোগের অভিযোগ তুলে গ্রামবাসীদের আটক করে একে একে গুলি করা হয়। সাম্প্রতিক সময়ে গোষ্ঠীটি দক্ষিণ মালি অঞ্চলে প্রভাব বাড়িয়েছে, যা পরিস্থিতি আরও অস্থির করে তুলেছে।

ঘটনার বিষয়ে এখনো মালি সেনাবাহিনী বা আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউ মালি কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে এবং আফ্রিকান ইউনিয়নকে সহিংসতা থামাতে জরুরি ভূমিকা নেওয়ার অনুরোধ করেছে।

মালিতে চলমান নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে এই অভিযানের ঘটনা দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪