রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আটটি যুদ্ধের মধ্যে পাঁচটি সরাসরি শুল্কের হুমকি দেখিয়ে থামিয়েছেন। তিনি মনে করেন, বিদেশি দেশ থেকে শুল্ক ও বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ আয় করছে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত লাভজনক।- খবর হিন্দুস্তান টাইমস।
শনিবার (২২ নভেম্বর) তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি পাঁচটি যুদ্ধ সরাসরি শুল্কের হুমকি দেখিয়ে থামিয়েছি। যদি তারা লড়াই চালাতে চায়, শুল্কের হুমকি দেখানো হবে।
ট্রাম্প আরও উল্লেখ করেছেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সবচেয়ে শক্তিশালী ও ধনী অবস্থায় রয়েছে। তিনি বলেন, পুঁজিবাজার মাত্র ৯ মাসে ৪৮ বার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এছাড়া ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ‘সবচেয়ে ধনী, শক্তিশালী ও সম্মানিত’ রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছেন। তিনি তার দাবি করেন, এর মূল কারণ হলো নভেম্বর ৫, ২০২৪-এর নির্বাচন ও শুল্ক নীতি।
এর আগে চলতি বছরের মে মাসে ট্রাম্প একই ধরনের দাবি করেছিলেন ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামানোর প্রসঙ্গে। তবে ভারত কখনোই তার ভূমিকাকে যুদ্ধবিরতি চুক্তিতে সহায়ক হিসেবে স্বীকার করেনি।
রিপোর্টার্স২৪/আরকে