মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামে নিখোঁজের ২৪ ঘণ্টা পর আব্দুল্লাহ আল আনসারী (৭) নামের এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত শিশু ওই গ্রামের মৃত জাব্বারুলের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরে আনসারী গ্রামের স্কুল থেকে বাড়ি ফিরে খাবার খেয়ে বাইরে বের হয়। বাড়ির লোকজন খুঁজে না পেয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার বিকেলে পুকুরের পাশ দিয়ে হাঁটার সময় কয়েকজন পথচারী একটি শিশুর মরদেহ ভেসে থাকতে দেখে। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি আব্দুল্লাহ আল আনসারীর বলে শনাক্ত করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/এসএন