স্টাফ রিপোর্টার: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকায় ১৭টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে নতুন প্রকল্প ১৩টি এবং সংশোধিত প্রকল্প ৫টি।
সোমবার (১ ডিসেম্বর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।
অর্থায়ন কাঠামো
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।
আবাসন খাতে দুটি প্রকল্প
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার এবং কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের স্থায়ী আবাসনের জন্য দুটি প্রকল্প অনুমোদিত হয়েছে। মিরপুর ৯ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–২০২৪-এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের জন্য ১ হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–২০২৪-এর শহীদ পরিবারকে স্থায়ী বাসস্থান প্রদানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ।
অগ্নিনিরাপত্তা আধুনিকায়ন
বাংলাদেশ সচিবালয়, পরিবহনপুল, মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ও সচিব নিবাসের বিদ্যমান বৈদ্যুতিক–যান্ত্রিক ব্যবস্থা ও অগ্নিনিরাপত্তা সরঞ্জাম আধুনিকায়নের একটি প্রকল্পও অনুমোদন করা হয়েছে।
জ্বালানি ও বিদ্যুৎ খাতে অনুমোদন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায় অনুমোদিত প্রকল্পগুলো হলো—শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১ এই তিনটি অনুসন্ধান কূপ খনন প্রকল্প। সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প।
সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্প
ঢাকার ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-৬)–এর তৃতীয় সংশোধন। সিরাজগঞ্জ-রায়গঞ্জ (চান্দাইকোনা) জেলা মহাসড়ককে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ।
কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প
চট্টগ্রাম অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প। মানসম্পন্ন বীজ আলু উৎপাদন, সংরক্ষণ ও কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ (দ্বিতীয় সংশোধিত)।
অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্প
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ‘নারায়ণগঞ্জ সবুজ ও স্থিতিশীল নগর উন্নয়ন প্রকল্প (এনজিআরইউডিপি)’। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র (দ্বিতীয় সংশোধন)’।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় জলবায়ু সহনশীল প্রজননস্বাস্থ্য ও জনসংখ্যা সেবা উন্নয়ন, সিস্টেম শক্তিশালীকরণ এবং মুন্সীগঞ্জে এসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার স্থাপন (প্রথম সংশোধিত)সহ তিনটি প্রকল্প।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় একাডেমিক ও কেন্দ্রীয় গবেষণাগার নির্মাণ কাজ সমাপ্তকরণ প্রকল্প।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ ও নারী-শিশু উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি