| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গৌরনদীর শাহাজিরা জনতার হাতে গরু চোর সন্দেহে আটক, ঘরে আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৬ ইং | ১৩:৪২:০৬:অপরাহ্ন  |  ২৯২ বার পঠিত
গৌরনদীর শাহাজিরা জনতার হাতে গরু চোর সন্দেহে আটক, ঘরে আগুন

বরিশালপ্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার ৭ নম্বর শরিকল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাহাজিরা গ্রামে জনতার হাতে গরু চোর সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উত্তেজিত জনতা একটি গোয়ালঘর ও বসতভিটার ঘরে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহাজিরা গ্রামের আজিজ মীরের বাড়ির গোয়ালঘর থেকে আদম আলী শিকদারের একটি গরু উদ্ধার করা হয়। আদম আলী শিকদার, পিতা-মৃত নাজিম আলী শিকদার, জানান, তিনি রাত প্রায় ৩টা পর্যন্ত গোয়ালঘর পাহারা দেন। পরে ঘুমিয়ে পড়ার পর গোয়ালঘরে গিয়ে গরু দেখতে না পেয়ে রাতেই গরু খুঁজতে বের হন।

তিনি জানান, রাতে বৃষ্টির কারণে মাটিতে গরুর পায়ের ছাপ দেখা যাচ্ছিল। ওই পায়ের ছাপ অনুসরণ করে তিনি আজিজ মীরের বাড়ির দিকে যান। সেখানে আজিজ মীরকে গরু পালনের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি গরু পালন করেন না বলে জানান। পরে গোয়ালঘরের কাছ থেকে গরুর প্রস্রাবের শব্দ শুনে সেখানে গিয়ে আদম আলী তার গরুটি শনাক্ত করেন বলে দাবি করেন।

স্থানীয়দের অভিযোগ, সাহাজিরা, সাঁকোকাঠি, উজিরপুর ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। এতে গরু খামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে স্থানীয় নাসির খান, পিতা-মৃত ওসমান খান, এর একটি গরু প্রায় ৮-১০ দিন আগে হারিয়ে যাওয়ার ঘটনাও সামনে এসেছে। স্থানীয়দের দাবি, ওই গরুটি পরে জবাই করে মাংস বিক্রি করার কথা বলা হয়। পরে গোবরের গাদার ভেতর গরুর রশি ও চামড়ার অংশ পাওয়া যায় বলে অভিযোগ করা হয়েছে। নাসির খান গরুটিকে নিজের বলে শনাক্ত করেছেন বলে স্থানীয়রা জানান।

আটক ব্যক্তির দেওয়া তথ্যের বরাত দিয়ে স্থানীয়রা আরও দাবি করেন, গরু চুরির সঙ্গে সাকিল (পিতা—আবদুর রশিদ), নয়ন (কালিহাতা, মানিক বাজারের পাশে) এবং লিটন (পিতা—হানিফ জমাদ্দার, শরিকল) নামে কয়েকজন জড়িত থাকতে পারেন। তবে এসব অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষ।

শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রফিক ও এসআই শাহরুখের নেতৃত্বে পুলিশ গ্রামবাসী ও স্থানীয় জনতার সহযোগিতায় আটক ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এছাড়া চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে।

এদিকে আটক ব্যক্তিকে কেন্দ্র করে উত্তেজিত জনতা একটি গোয়ালঘর ও বসতভিটার ঘরে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার সঙ্গে জড়িতদের প্রকৃত পরিচয় ও গরু চুরির অভিযোগের সত্যতা পুলিশি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪