মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের রামনগর গ্রামে পূর্ব শত্রুতা ও চলমান সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে শনিবার রাতে সংঘর্ষ হয়ে আজিজুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি মারা যায়।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এক ঘণ্টাব্যাপী আবার সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। এর মধ্যে প্রায় ২৫ জনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই গ্রুপের দুইজনকে আটক করেছে।
আহতরা জানান, স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলে আসছে। গত কয়েকদিন ধরে আলমখালী বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আসছিল। গতকাল এক পক্ষ বাজারে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের তাড়িয়ে দেয়। এরই জের ধরে আজ সকালে রামনগর গ্রামে পূর্ণাঙ্গ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।
হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে এক পক্ষের ফরিদ মোল্লা, আসাদুল, রুহুল আমিন, আব্দুল মন্ডল, সাহেব আলী, ওয়াকিল উদ্দিন, আমজাদ হোসেন, সাজ্জাদ হোসেন, সাজেদুল এবং সালমান উল্লেখযোগ্য।
অন্য পক্ষের আহতদের মধ্যে রয়েছেন মুক্তার মন্ডল, সাহেব আলী, উজ্জল মন্ডল, আবু তালেব মন্ডল, তুরফান মন্ডল, আওয়াল মন্ডল, রুহুল মন্ডল, বাচ্চু মন্ডল, নান্নু মন্ডল, আজিজুল মন্ডল, আরিফুল ইসলাম এবং ইদ্রিস আলী।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা পুলিশ মোঃ হাবিবুর রহমান জানান, বর্তমানে এলাকার অবস্থা স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যে সেনাবাহিনীর সদস্যরাও গিয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু