রিপোর্টার্স২৪ডেস্ক: দেশের বন্যপ্রাণী বিষয়ক শিক্ষা, গবেষণা ও সংরক্ষণ কার্যক্রম জোরদারে প্রথমবারের মতো গবেষণা অনুদান দিচ্ছে বন বিভাগ। চলতি বছর তরুণ গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং বন বিভাগের গবেষকদের জন্য এ খাতে মোট ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জানানো হয়, সারাদেশ থেকে মোট ৪৬টি গবেষণা প্রস্তাব জমা পড়ে, যার মধ্যে প্রাথমিকভাবে ২২টি প্রস্তাব নির্বাচন করা হয়েছে। নির্বাচিত গবেষকরা তাদের প্রস্তাবনা উপস্থাপন করেন।
বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী গবেষণায় অর্থায়নের ঘাটতি ছিল। গবেষণার মান, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব এবং গবেষকের অভিজ্ঞতার ভিত্তিতে আর্থিক সহায়তা দেওয়া হবে।
কর্মশালায় প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরীসহ বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্যপ্রাণী গবেষক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষকরা অংশ নেন।
রিপোর্টার্স২৪/বাবি