| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষাগত যোগ্যতা বিতর্কে পদত্যাগপত্র দিলেন ভাইস প্রেসিডেন্ট

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৬ ইং | ১৯:৩০:২১:অপরাহ্ন  |  ৩৮১ বার পঠিত
শিক্ষাগত যোগ্যতা বিতর্কে পদত্যাগপত্র দিলেন ভাইস প্রেসিডেন্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক এবং অভিশংসনের উদ্যোগের মধ্যে বৃহস্পতিবার (১২ নভেম্বর) পার্লামেন্টের উচ্চকক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করে তিনি এ পদক্ষেপ নেন।

একই সঙ্গে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর কাছেও পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।উচ্চকক্ষের স্পিকার আহমাদ মুজানি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জিবরান কেন পদত্যাগ করেছেন, সে বিষয়ে তিনি কিছু জানাননি। পরবর্তী করণীয় ঠিক করতে পার্লামেন্টের নেতারা বৈঠকে বসবেন বলে জানিয়েছেন তিনি।

২০২৪ সালের নির্বাচনে প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ৩৯ বছর বয়সী জিবরান। তিনি ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে।

জিবরানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। গত মাসে দেশটির সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্টের পৃথক রায়ে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার জন্য তার জমা দেওয়া বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ নির্বাচনী যোগ্যতার শর্ত পূরণ করে না।

এ ঘটনার পর তার বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নেন আইনপ্রণেতারা। বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের ১২০ জন আইনপ্রণেতা জিবরানের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর প্রস্তাবে স্বাক্ষর করেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ও সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর মধ্যে রাজনৈতিক দূরত্ব বাড়ার সময়েই জিবরানের পদত্যাগের ঘটনা ঘটল। বিশ্লেষকদের আশঙ্কা, এ পরিস্থিতি দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়াতে পারে।

সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে বিতর্ক এবং অর্থনীতি পরিচালনায় সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্নের মধ্যেই নতুন এই পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ছে বিনিয়োগকারীদের আস্থায়ও। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটির আর্থিক পরিকল্পনা ও নীতিনির্ধারণী কার্যক্রম এখন কঠোর পর্যালোচনার মুখে। পাশাপাশি দেশটির শেয়ারবাজারের রেটিং কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, তিনি প্রাবোও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন। জাভা দ্বীপের মধ্যাঞ্চলীয় সোলো শহরে নিজের বাড়ির সামনে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা প্রেসিডেন্ট প্রাবোওর সরকারকে সমর্থন দিয়ে যাব, বিশেষ করে সাধারণ মানুষের কল্যাণে নেওয়া প্রকল্পগুলোতে আমাদের সমর্থন থাকবে।’ তথ্যসূত্র: রয়টার্স

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪