রিপোর্টার্স২৪ডেস্ক:বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। ঘটনার প্রতিবাদে শনিবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর তোপখানা রোডে উদীচী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, উদীচী কার্যালয়ে অগ্নিসংযোগ মুক্তচিন্তা ও প্রগতিশীল সাংস্কৃতিক চর্চার ওপর সরাসরি আঘাত। এ ধরনের হামলা দেশের সাংস্কৃতিক অঙ্গনকে ভীত ও দমিয়ে রাখার অপচেষ্টা বলেও মন্তব্য করেন তারা।
বিক্ষোভ মিছিলটি রাজধানীর পল্টন মোড় থেকে শুরু হয়ে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘সত্যেন সেন স্কয়ারে’ গিয়ে শেষ হয়। এ সময় উদীচীর নেতাকর্মীরা অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ থেকে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানিয়ে নেতাকর্মীরা বলেন, অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কার্যালয়ের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্রের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/এসসি