| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফরে উন্নয়নের নতুন সম্ভাবনা, বললেন বিএনপি নেতা ফকির তারিকুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৬ ইং | ২০:৩৯:১১:অপরাহ্ন  |  ৪১০ বার পঠিত
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফরে উন্নয়নের নতুন সম্ভাবনা, বললেন বিএনপি নেতা ফকির তারিকুল

বাগেরহাট প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বাগেরহাট সফরকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হিসেবে দেখছেন বাগেরহাট জেলা বিএনপির নেতা ও হযরত খানজাহান আলী (রহ.) মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম। প্রধানমন্ত্রীর সফর-পরবর্তী অর্জন, জেলার উন্নয়ন সম্ভাবনা এবং স্থানীয় জনগণের প্রত্যাশা তুলে ধরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘির ঘাটে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এ সময় ফকির তারিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ৫ নভেম্বর তারেক রহমানের প্রথম বাগেরহাট সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আশাব্যঞ্জক। এ সফরের মধ্য দিয়ে বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা কাটিয়ে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, সফরকালে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পাশাপাশি চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) সঙ্গে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বাগেরহাটসহ পুরো অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রধানমন্ত্রীর খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত ও ফাতেহা পাঠের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এর মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে, তা জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটবাসীর দীর্ঘদিনের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিও তুলে ধরেন ফকির তারিকুল ইসলাম। এর মধ্যে রয়েছে উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, মোংলা-খুলনা রেল ও সড়ক যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, একটি মেডিকেল কলেজ এবং বিমানবন্দর স্থাপন।

এসব দাবি প্রধানমন্ত্রীর সদয় বিবেচনায় রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের ঘোষিত উন্নয়ন প্রকল্পগুলোর সফল বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪