ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ডিআইজি বলেন, নাশকতাকারী যে-ই হোক, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। নাশকতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
এর আগে ভাঙ্গা থানা পরিদর্শনকালে তিনি স্থানীয় পুলিশের সার্বিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান দিপু এবং ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/রাফিদ