জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন।
রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে হল প্রশাসন ও হল সংসদ যৌথভাবে অভিযান চালিয়ে ওই কক্ষ থেকে মদের বোতলসহ মো. ফজলে আজওয়াদ নামে এক শিক্ষার্থীকে আটক করে।
আটক ফজলে আজওয়াদ ২০২২–২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি মীর মশাররফ হোসেন হলের বৈধ আবাসিক শিক্ষার্থী হলেও নজরুল ইসলাম হলের একটি কক্ষে অবস্থান করছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক জানান, অভিযানে ১৭ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কিসহ মোট ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান বলেন, ওই শিক্ষার্থী আমাদের হলের একটি কক্ষে নিবন্ধিত থাকলেও দীর্ঘদিন সেখানে অবস্থান করছিলেন না বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ছাত্র-বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি