জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে এক শিক্ষার্থীকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোট চলাকালে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, শহীদুজ্জামান সরকার নামের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী ভোট দিতে যাওয়ার সময় তাকে ঘেরাও করেন ছাত্রশিবিরের সমর্থিত প্যানেলের কয়েকজন এবং পর্যবেক্ষক জুনায়েদ মাসুদ। তার ভোটার কার্ড দেখতে চান তারা।
শহীদুজ্জামান প্রিন্ট করা কার্ড দেখালেও তাতে থাকা কিউআর কোড স্ক্যান করে ‘নাম না মেলায়’ তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যান কয়েকজন শিক্ষার্থী। কিন্তু প্রক্টর অফিসে ফের ভোটার কার্ড পরীক্ষা করে দেখা যায়, তিনি কম্পিউটার সায়েন্স ও টেকনোলজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহীদুজ্জামান সরকার।
এ বিষয়ে পর্যবেক্ষক জুনায়েদ মাসুদ বলেন, “অষ্টম ব্যাচের এক শিক্ষার্থী তৃতীয় বর্ষের সাথে পড়াশোনা করছেন। তার ভোটার কার্ড অনেকটা মলিন হয়ে যাওয়ায় আইডেন্টিফাই করতে অসুবিধা হচ্ছিল। মূলত জবি শিবিরের সাবেক সভাপতি আসাদুল ইসলাম ভাই তাকে ধরে নিয়ে আসে। তারপর আশেপাশের শিক্ষার্থীরা ঘিরে ধরলে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তার ভোটার স্লিপ যাচাই করে দেখা যায় সে বর্তমান শিক্ষার্থী।”
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, “সে বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। কিন্তু তার ভোটার কার্ডের কিউআর কোড কাজ করছিল না। আমরা প্রক্টরিয়াল টিম বসে তাকে ভ্যারিফাই করেছি। তাৎক্ষণিকভাবে তার ভোট প্রয়োগ ১০ মিনিটের জন্য স্থগিত রেখেছি। এরপর ছেড়ে দিয়েছি।”
রিপোর্টার্স২৪/ধ্রুব