ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামানুসারে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
সিন্ডিকেট সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, দুটি আবাসিক হল, একটি হোস্টেল ও দুটি স্টাফ কোয়ার্টারের নাম পরিবর্তন করা হবে। পরিবর্তনের আওতায় থাকা স্থাপনাগুলো হলো— শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার ও সুলতানা কামাল হোস্টেল।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে দুটি হলের নতুন নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, শেখ মুজিবুর রহমান হলের নাম হবে ‘শহিদ ওসমান হাদী হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম হবে ‘ক্যাপ্টেন সিতারা বেগম হল’।
ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, সিন্ডিকেট সভায় সিদ্ধান্তটি অনুমোদিত হলেও সিনেট পুনর্গঠন সম্পন্ন হওয়ার পর নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্তভাবে বাস্তবায়ন করা যাবে।