কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মামুন হোসেন (৩৭) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই বিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত মামুন হোসেন বুজরুক বাঁখই গ্রামের ওহিদুজ্জামানের ছেলে। হামলার পর তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আহতের বোন সুমি খাতুন জানান, রাতের খাবার শেষে বাড়ির বাইরে বের হলে ৬–৭ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে মামুনের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। তার শরীরের একাধিক স্থানে গভীর ক্ষত রয়েছে।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, আহতের বুকে গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হামলা হতে পারে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি