সিলেট প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের নির্বাচন স্থগিত রাখার ইসির ঘোষণার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ করেছে।
সোমবার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় আবাসিক ছাত্রহল থেকে আইআইসিটি ভবনের সামনে পর্যন্ত উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বিক্ষোভে অংশ নেন ছাত্রদল, ছাত্রশিবির এবং সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বহীন পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন জাতীয় নির্বাচনের অজুহাতে পুনরায় নির্বাচন স্থগিত করা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের ওপর বড় আঘাত।
দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ছাত্র সংসদ নির্বাচন আবারও বন্ধ করার ষড়যন্ত্র আমরা মেনে নেব না। প্রশাসনকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, অন্যথায় আমরা সিদ্ধান্ত না নিয়ে ঘরে ফিরব না।
বিক্ষোভকারীরা ইসির স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে সতর্ক করেছেন, দাবি আদায় না হলে শাবিপ্রবি থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি