ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরতলীর আরাপপুর গাবতলা পাড়ায় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য গড়ে ওঠা ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ‘রাইজিং চাইল্ড কেয়ার’-এর নতুন অবকাঠামো ও সুপেয় পানির কল উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অবকাঠামো ও পানির কলের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সভাপতি, সিনিয়র সাংবাদিক আসিফ কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিজ আনার কলি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম লিকু, বিহঙ্গ শিল্পগোষ্ঠীর কর্ণধর শাহিনুর আলম লিটন এবং একাত্তর টেলিভিশনের সাংবাদিক রাজিব হাসান।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ কাজল বলেন,সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে ‘রাইজিং চাইল্ড কেয়ার’-এর মতো উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শিক্ষাই পারে দারিদ্র্য ও বঞ্চনার চক্র ভেঙে একটি মানবিক ও আলোকিত সমাজ গড়ে তুলতে।
তিনি এ ধরনের উদ্যোগ এগিয়ে নিতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন।
জানা গেছে, ‘রাইজিং চাইল্ড কেয়ার’-এ বর্তমানে প্লে-গ্রুপ থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ৩০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এসব শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে বই, শিক্ষা উপকরণ ও পোশাক প্রদান করা হয়।
স্কুলটিতে কর্মরত তিনজন শিক্ষককে নিয়মিত বেতন প্রদান করেন প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক হাসিন মুহিব। তিনি একজন তরুণ উদ্যোক্তা, যিনি অনলাইন ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করে আসছেন।
এর আগে হাসিন মুহিব ‘১০ টাকায় ইফতারি’ কর্মসূচির মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেন। পাশাপাশি তিনি শীতকালে কম্বল বিতরণ এবং গ্রীষ্মকালে শরবত ও ঠান্ডা পানি বিতরণের মতো মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, হাসিন মুহিবের মতো তরুণদের এই মানবিক উদ্যোগ প্রান্তিক শিশুদের জীবনে নতুন আশার আলো জ্বালাচ্ছে। এমন উদ্যোগ সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি