ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি অবৈধ ওয়ান শুটার গান ও একটি দেশীয় অস্ত্র (ছুরি) উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ০৫ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের নাটোপাড়া বাজার এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নাটোপাড়া গ্রামের বাসিন্দা বেলায়েত বিশ্বাস বিদ্যুৎ (৫০) এর বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে তার বাড়ির ভেতর থেকে তেমন কোনো কিছু পাওয়া না গেলেও বাড়ির পাশের এলাকায় সন্দেহজনকভাবে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ ওয়ান শুটার গান ও একটি দেশীয় অস্ত্র (ছুরি) উদ্ধার করা হয়।
অভিযুক্ত বেলায়েত বিশ্বাস বিদ্যুৎ, পিতা মৃত দুদু বিশ্বাস। অভিযানের সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
উদ্ধারকৃত অস্ত্রসমূহ আইনি প্রক্রিয়ার জন্য রাত আনুমানিক ২টা ০০ মিনিটে কালীগঞ্জ থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি