শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে মাগুরা জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং অফিসারের পক্ষ থেকে বিভিন্ন জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এসব উদ্যোগের মধ্যে রয়েছে ভোট কেন্দ্রের ভৌত অবকাঠামো সংস্কার, জরাজীর্ণ জানালা-দরজা মেরামত, যাতায়াতের রাস্তা সংস্কার, বিদ্যুৎ লাইন সংস্কার, ভোট কেন্দ্রের অভ্যন্তরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ইন্টারনেট সংযোগসহ সিসি ক্যামেরা স্থাপন। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি অন ক্যামেরাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ, সেনাবাহিনীর লে. কর্নেল মোস্তাক আহমেদ, মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, মেজর মো. সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপঙ্কর ঘোষ, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মুহিত, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে একটি চৌকস টিম শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলার মোট ৩০১টি ভোট কেন্দ্রের মধ্যে শ্রীপুর উপজেলায় ৫৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স২৪/ এসএন