রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন এবং বিশাল গণজমায়েতের আয়োজনের ঘোষণা দিয়েছেন।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের প্রতিনিধি মো. নাঈম হাওলাদারের পাঠানো বার্তায় বলা হয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ এর খসড়া ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর বিভিন্ন পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। এরপর মন্ত্রণালয় স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে খসড়াটি হালনাগাদ করে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান অভিমুখে অবরোধ ও অবস্থান কর্মসূচি চালানোর সময় মন্ত্রণালয় তাদের সঙ্গে বৈঠক করে জানায়, ডিসেম্বরের মধ্যে সব আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি হবে। তবে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ এখনো জারি হয়নি।
এই প্রেক্ষিতে শিক্ষার্থীরা আগামী সোমবার বেলা ১১টায় সায়েন্সল্যাব মোড়ে গণজমায়েতের আয়োজনের পাশাপাশি অধ্যাদেশ মঞ্চ স্থাপন করে আন্দোলনের পরবর্তী ধাপ ঘোষণা করবেন। গত ১৪ ও ১৫ জানুয়ারি রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল এবং তাঁতীবাজার মোড়ে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।
মঙ্গলবার পাঠানো বার্তায় শিক্ষার্থীরা জানান, আমাদের আন্দোলন দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নের জন্য। রাজধানীবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকদের অসুবিধার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি। আন্দোলন সফল হলে শিক্ষার্থীরা আবার শিক্ষার টেবিলে ফিরে যাবে।
এ আন্দোলন সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঐক্যবদ্ধভাবে চলমান, এবং তারা দেশজুড়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কর্মসূচি চালানোর আহ্বান জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম