রিপোর্টার্স২৪ ডেস্ক: সৃষ্টিশীলতার দৃঢ় বিশ্বাস আর লেখনীশক্তির আত্মপ্রত্যয়ে সাহিত্যচর্চায় নিজস্ব অবস্থান তৈরি করে চলেছেন লেখক এইচ এম রিপন। সীমাবদ্ধতাকে শক্তিতে রূপ দেওয়ার দর্শন ধারণ করেই তিনি এগিয়ে চলেছেন নিরলস সাহিত্যযাত্রায়।
২০২৫ সালের অমর একুশে বইমেলায় সোনামণি প্রকাশনী থেকে প্রকাশিত তাঁর প্রথম গ্রন্থ ‘তবুও বলা হয়নি’ পাঠকমহলে ব্যাপক সাড়া তোলে। না-পাওয়া ভালোবাসা, অব্যক্ত অনুভূতি আর মানবিক আবেগের সূক্ষ্ম প্রকাশে বইটি পাঠকদের মন ছুঁয়ে যায়। প্রেম ও অনুভবের নীরব ভাষা তুলে ধরাই ছিল এ গ্রন্থের মূল সুর।
ভালোবাসার গল্পে থেমে না থেকে এবার সম্পূর্ণ ভিন্ন ধারায় কলম ধরেছেন এইচ এম রিপন। আসন্ন বইমেলায় সোনামণি প্রকাশনী থেকেই প্রকাশিত হতে যাচ্ছে তাঁর লেখা শিশুদের জন্য দুটি নতুন বই ‘চালাক শিয়াল আর বোকা বাঘ’ এবং ‘ছোটদের হযরত ইব্রাহীম (আঃ)-এর জীবনী’। এই বইগুলোতে শিশুদের কল্পনার জগৎ, নৈতিক শিক্ষা ও আনন্দঘন গল্পের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে শিক্ষণীয় এক সাহিত্যভুবন।
লেখক জানান, “‘তবুও বলা হয়নি’ ছিল আমার অনুভবের কথা বলার প্রথম প্রয়াস। এবার শিশুদের জন্য লেখা আমার কাছে এক নতুন দায়িত্ব ও আনন্দের জায়গা। গল্পের মাধ্যমে তাদের ভাবনার জগৎকে সমৃদ্ধ করতে পারলে সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
তিনি আরও বলেন, শিশুদের জন্য মানসম্মত ও শিক্ষামূলক সাহিত্য রচনা করাই তাঁর এই প্রয়াসের মূল উদ্দেশ্য। খুব শিগগিরই বই দুটি প্রকাশিত হবে বলে জানান তিনি এবং এ যাত্রায় পাঠক ও শুভানুধ্যায়ীদের দোয়া ও ভালোবাসা কামনা করেন।
সাহিত্যবোদ্ধাদের মতে, শিশু-কিশোর সাহিত্যে এইচ এম রিপনের নতুন এই সংযোজন সমকালীন পাঠ্যধারায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/আয়েশা