ঢাবি প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতা নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে চেয়ারে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।
সংঘর্ষে ঝিনাইগাতী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এই ঘটনার পর সারাদেশে নির্বাচন ঘিরে সহিংসতার প্রতিবাদ ও নিহত জামায়াত নেতার হত্যার বিচার দাবিতে তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার রাত ১১টা ৩০ মিনিটে ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।
একই দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণানুযায়ী, রাত ১১টা ৪৫ মিনিটে জবি ক্যাম্পাসের মেইন গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। উভয় কর্মসূচিতেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিলের আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
বিক্ষোভ কর্মসূচিতে শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিম হত্যার সুষ্ঠু বিচার, নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার অবসান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এদিকে, শেরপুরে সংঘর্ষের ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
রিপোর্টার্স২৪/বাবি