ঢাবি প্রতিনিধি: শেরপুরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দ।
বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘তারেক রহমান জানেন নাকি—রেজাউল খুনের নায়ক আপনি’, ‘ক্ষমতা না জনতা—জনতা, জনতা’ এবং ‘নারীর ওপর হামলা কেন—তারেক রহমান জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোতে শেরপুরের ঘটনার জন্য দায়ীদের বিচার এবং নির্বাচনি সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি তুলে ধরা হয়।
মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদসহ ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা শেরপুরের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা দেশব্যাপী নির্বাচনি সহিংসতা বন্ধে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।
ডাকসু নেতারা বলেন, রাজনৈতিক সহিংসতার মাধ্যমে মতপ্রকাশ দমন করা হলে তা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। ভবিষ্যতেও এ ধরনের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রাজপথে সক্রিয় থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা।
রিপোর্টার্স২৪/বাবি