রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।
নিহত শিক্ষার্থীর নাম জোবাইদা ইসলাম ইতি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১–২২ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি রাজশাহী শহরে।
প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেহেরচণ্ডি এলাকার একটি বাসা থেকে সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোবাইদা ইসলাম ইতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মেহেরচণ্ডির একটি মেসে তাঁর মায়ের সঙ্গে বসবাস করতেন।
সমাজকর্ম বিভাগের সভাপতি গোলাম কিবরিয়া ফেরদৌস বলেন, একটি ভাড়া বাসায় তিনি তাঁর মায়ের সঙ্গে থাকতেন। আজ সন্ধ্যায় তিনি বাসার বাথরুমে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে তাঁকে মেডিকেলে নেওয়া হয়। এখন মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রিপোর্টার্স২৪/এসসি