স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু)-এর সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
পোস্টে জানানো হয়, ছাত্রদলে যোগদান উপলক্ষে ইয়াসিন আল মৃদুলকে ফুল দিয়ে স্বাগত জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর পর গত বছরের সেপ্টেম্বর মাসে সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ইয়াসিন আল মৃদুল দেওয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন বিজয়ী হন। নির্বাচনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছিল।
এর আগে একই দিন সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতুসহ কয়েকজন নির্বাচিত প্রতিনিধি বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাত্রদলে যোগ দেন। তাদের মধ্যে আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিলেও বাকিরা ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন।
উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা ওই নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২০টিতেই ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল জয় লাভ করে। বাকি পাঁচটি পদের মধ্যে দুটি পায় স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
ওই নির্বাচনে মোট ভোটার ছিল ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে অনুমোদন পান ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে নয়জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে নয়জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ছয়জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, যার মধ্যে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল অন্তর্ভুক্ত ছিল। প্রতিটি কেন্দ্রে একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা এবং ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট প্রদান করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের বিএনপি ও ছাত্রদলে যোগদান ছাত্ররাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে, যা আগামী দিনে জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে।
রিপোর্টার্স২৪/বাবি