জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে দুই মাদক কারবারিকে মাদকসহ নিয়ে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার মাধবখালী সীমান্তে ভারতের অভ্যন্তর এলাকা হেন্তের বিল থেকে তাদের আটক করে বিএসএফ।
আটককৃত বাংলাদেশিরা হলেন, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ফকির পাড়ার সন্তোর ছেলে মো. রকো হোসেন (৩০) এবং মসজিদ পাড়ার খোদাবক্সের ছেলে মো. রাশিদুল দুলি (৩৩)।
স্থানীয়রা জানান, রকো ও দুলিসহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁরা সীমান্ত রক্ষীবাহিনী চোখ ফাঁকি দিয়ে ভারতের তারকাটা ভেদ করে দেশে নিয়মিত মাদক আনতেন। আজ (শনিবার) ভোরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাদক নিয়ে ফেরার পথে বিএসএফের হাতে আটক হন।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দু'জন যুবক বাংলাদেশের শূন্য রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরের ৫০গজ ভিতরে ডুকে মাদক আনতে গেলে বিএসএফের হাতে মাদকসহ আটক হন।
বিএসএফ জানায়, আটক ব্যক্তিদের ভারত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু