| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাট-২ আসনে সুষ্ঠু নির্বাচনের দাবি স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১৬:২২:৩৭:অপরাহ্ন  |  ১২২৩২৮৬ বার পঠিত
বাগেরহাট-২ আসনে সুষ্ঠু নির্বাচনের দাবি স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের
ছবির ক্যাপশন: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বুধবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতীক বরাদ্দের পর থেকেই তার সমর্থক ও নির্বাচনী এজেন্টরা ভয়ভীতি ও হয়রানির শিকার হচ্ছেন।

ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া সেলিম বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই এবার তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি অভিযোগ করেন, তার এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে এবং নির্বাচনী দায়িত্ব পালন না করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। পাশাপাশি সমর্থক ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। কিছু ক্ষেত্রে অর্থের প্রলোভন দেখানোর অভিযোগও তোলেন সেলিম।

প্রচার-প্রচারণা বন্ধ থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এতে নির্বাচনের সমতল মাঠ নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন।

সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের দাবি জানান স্বতন্ত্র এ প্রার্থী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নির্বাচন বর্জনের গুজবও নাকচ করে তিনি বলেন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪