| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোটি টাকার মুক্তিপণ দাবিতে অপহৃত ওষুধ ব্যবসায়ী র‌্যাবের অভিযানে উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ২৩:১৬:১৫:অপরাহ্ন  |  ১০১৭৯৯৬ বার পঠিত
কোটি টাকার মুক্তিপণ দাবিতে অপহৃত ওষুধ ব্যবসায়ী র‌্যাবের অভিযানে উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরে এক কোটি টাকা মুক্তিপণ দাবিতে অপহৃত হওয়া ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে (৪৫) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-৬। নিখোঁজের নয় দিন পর বুধবার দিবাগত রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটায় শ্বাসরুদ্ধকর এক অভিযানে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান রাত সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত চলে এবং রাত সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরকে যশোর র‌্যাব ক্যাম্পে আনা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স।

র‌্যাব সূত্র জানায়, ঘটনার সূত্রপাত ২ মার্চ রাতে। যশোর শহরের শংকরপুর এলাকায় জাহাঙ্গীর আলমের ‘আর আর মেডিকেল’ ও ‘জে আর এগ্রোভেট’ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই দিন রাত ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় পথিমধ্যে দুর্বৃত্তরা তার পথরোধ করে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়।

অপহরণের পর রাত ১০টার দিকে অপহরণকারীরা জাহাঙ্গীরের মোবাইল ফোন ব্যবহার করে তার মা ও স্ত্রীকে ফোন করে এক কোটি টাকার মুক্তিপণ দাবী করে এবং পুলিশকে খবর না দেওয়ার হুমকি দেয়। অপহরণের কয়েক দিন পার হলেও পুলিশ কার্যকর কোনো ফলাফল আনতে পারেনি। ৪ মার্চ যশোর প্রেসক্লাবে এক আবেগঘন সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন জানান, তার স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিন মেয়েকে নিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন। তিনি প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনের পর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে চৌগাছা উপজেলার খলশি গ্রামের ইটভাটায় জাহাঙ্গীর আলমকে হাত-পা বাঁধা ও বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়। র‌্যাব তার প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেছে।

মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, তথ্যপ্রযুক্তির সাহায্যে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত পুরো চক্রকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং দ্রুত এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। র‌্যাবের এই সাফল্য স্থানীয়দের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে। তারা আশা প্রকাশ করেছেন, অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তার ও দণ্ড নিশ্চিত করা হবে।

উদ্ধারকৃত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের পরিবারও র‌্যাবের তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। র‌্যাব জানিয়েছে, এ ধরনের অপহরণ প্রতিরোধ এবং সময়মতো আইন প্রয়োগ নিশ্চিত করতে তারা আরও অভিযান অব্যাহত রাখবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪