| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুয়াডাঙ্গায় বইছে তাপপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ০৪:১৮:৫৪:পূর্বাহ্ন  |  ৮০৬৯৬২ বার পঠিত
চুয়াডাঙ্গায় বইছে তাপপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত

রিপোর্টার্স২৪ ডেস্ক: চুয়াডাঙ্গায় গত কয়েকদিন ধরে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এই জেলাতেই, ফলে তীব্র গরমে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত শুক্রবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর পরদিন শনিবার বিকেল ৩টায় তাপমাত্রা কিছুটা কমে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এলেও সেটিই ছিল সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল মাত্র ২৬ শতাংশ, যা গরমের তীব্রতা আরও বাড়িয়ে তোলে। একইদিন দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৩১ শতাংশ। এর আগে বৃহস্পতিবারও ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল ওইদিনের সর্বোচ্চ।

আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ক্রমাগত ঊর্ধ্বমুখী এবং চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ভ্যাপসা গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তীব্র গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ভ্যানচালক, রিকশাচালক ও দিনমজুরদের কষ্ট বেড়েছে কয়েকগুণ। দুপুর গড়াতেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। প্রখর রোদ থেকে বাঁচতে অনেককে ছাতা কিংবা মাথায় কাপড় ব্যবহার করতে দেখা গেছে।

গরম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ডাব, তরমুজ ও ঠান্ডা পানীয়র চাহিদা। শহরের বিভিন্ন স্থানে আখের রস ও শরবতের দোকানে ভিড় লক্ষ্য করা গেলেও প্রত্যাশিত বিক্রি না হওয়ায় হতাশ ব্যবসায়ীরা।

শরবত বিক্রেতা আরিফ হোসেন বলেন, তীব্র গরমের কারণে ব্যবসা শুরু করেছি। কিন্তু মানুষ কম বের হওয়ায় বেচাকেনা কম। বিকেলের দিকে কিছুটা বাড়ে। এই গরমে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করাও কষ্টকর।

চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই সবাইকে বেশি করে পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এ পরিস্থিতি আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪